তারাগঞ্জে মোবাইল কোর্ট,১০৭ বস্তা টিএসপি সার জব্দ,দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট রংপুর।রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের, ডাংগীরহাট বাজারে সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।গতকাল ৭/১২/২৫ ইং তারিখে তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের,ডাংগীরহাট বাজারে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনাকালে একজন বিএডিসির সার ডিলার মোঃ আশরাফুজ্জামান এর গোডাউন থেকে ১০৭ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর সংশ্লিষ্ট ধারায় আশরাফুজ্জামান'কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ১০৭ বস্তা সার ঘটনাস্থলে উপস্থিত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।বিক্রিত সারের ১ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। এদিকে কৃত্রিমভাবে সারের সংকট তৈরির অভিযোগে মোঃ শহীদুল ইসলাম (পিতাঃ মৃত আলহাজ্ব কপিল উদ্দিন),পূর্ব কুর্শা মাছুয়াপাড়া, তারাগঞ্জকে কৃষি বিপণন আইন,২০১৮ ইং এর আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন।প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়।এ সময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন বলেন,টিএসপি সারের কৃত্রিম সংকট তৈরির অপরাধে দুই জনকে জরিমানা করা হয়েছে। কেউ যাতে অবৈধভাবে সার মজুদ করে কৃষকদের ভোগান্তিতে ফেলতে না পারে সে বিষয়ে প্রশাসন সার্বক্ষণিক তৎপর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।